Sunday, March 2, 2014

পেজ থ্রি-র এপিটাফ

আজকাল কোনো সেলিব্রিটি শান্তিতে মরতেও পারছেন না। এমনকি মরেও শান্তি পাচ্ছেন না। লাশ-টি পড়ল কি পড়ল না, মিডিয়া দৌড়ে এলো, ওইসব বিরাট ডাণ্ডা-চোঙা নিয়ে। আর "If media comes, can celebrities be far behind?", সুতরাং পেজ থ্রি লোকজন সাজুগুজু করে চোখে গ্লিসারিন ঢেলে ইতিউতি মুখ দেখাতে ব্যস্ত। সে ঠিকাছে, ওইটা তাদের রুজিরুটি, ওইসব তাদের দায়িত্বের মধ্যে পড়ে বোধহয়, বা তারা সবাই ওই মৃত/মৃতার শুভাকাঙ্ক্ষী, দেখতে এসেছেন বৈতরণীর পানসি যে চালায় সে হারামজাদা ভোগা দিয়ে বেশি ভাড়া চাইল কিনা (হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস এই যে এইসব লোকজনের দৃঢ় বিশ্বাস তাদের ঠকানোর জন্য সব গরিব জোট বেঁধেছে। সে যাকগে), বা হয়ত পরের দিন শুটিং এ স্বামীপ্রবরটি সপ্তমবার মারা যেতে চলেছেন, তার নেট প্র্যাকটিস। অনেককিছু হতে পারে।

কিন্তু এসব আগেও ছিল, এখনও আছে, এবং থাকবেও।

একটা নতুন জিনিস আজকাল দেখছি। লাশ পরার দিন(যদি রাত ৯টা-১১টা, এই সময় খবর আসে, কারন ওইসময় ফেসবুক-এ সবথেকে বেশি লোক থাকে) বা পরের দিন(সময় বলা নিষ্প্রয়োজন,১১টার পর, যখন আপনি খেয়ে আঁচিয়ে দাঁত খোঁচাচ্ছেন তখন থেকে পরের দিন দাঁত মাজা অবধি যেকোনো সময়) ফেসবুক দুরকম আপডেট এ ভর্তি।

প্রথমত, ও দাদা/দিদি তুমি কোথায় গেলে গো! এই সোনার সংসার তুমি কার হাতে ছেড়ে গেলে গো! আমরা তোমায় ভুলি নি, ভুলবো না! তারপর তার সিনেমার এক কলি গান, দু কলি ডায়ালগ, তিনখানা ছবি, চারখানা কাব্যি এইসব দিয়ে তৈরি একটা জিনিস।

দ্বিতীয়ত, দাদা/দিদি গেছেন তো কি হল? রোজ কিছু লোক মরছে। এরা সালা পেটিবুর্জোয়া, এদের মরাই উচিত-এইসব মন্তব্য এবং তার মাঝে নুন-গোলমরিচ এর মতো ছড়িয়ে দেওয়া "নির্ভয়া-কামদুনি-মধ্যমগ্রাম" এইসব নাম।

মানে কেউ মারা গেলে হয় তাকে নিয়ে আদিখ্যেতা হবে, নয়তো তার মারা যাওয়াকে আরেকটা দূরদূরান্ত অবধি সম্পর্ক নেই এমন একটা জিনিসের সাথে জুড়ে গাল পাড়া হবে। ব্যাপারটা খানিক ওই "চন্দ্রের আকর্ষণে জোয়ার-ভাঁটা হইলে রামকান্তের জজিয়তি হইবে না কেন?" মার্কা হয়ে পড়ছে।

কে জানে আমার আজকাল ক্যানো এইসব মনে হয় সারাক্ষণ! যাকগে, দেখি আজ কোনো লাশ পড়ল কি না। রাত্তিরবেলা আপডেট দেবোখন।

সিরিয়াল কিলার

বহুদিন পর সরস্বতী পুজোর দিন বাড়িতে থাকার সুবাদে একটা মেগা-সিরিয়াল আবার একদিন দেখলাম।
এবার দেখে আমার তো সসেমিরা অবস্থা। ক্যানো, সেটা বলি। 

সিরিয়ালঃ ইষ্টিকুটুম (সরকারি নাম) / বাহা (চরিত্র, টিভিরূঢ়ার্থে মেগার নাম। আমার মা এই বলে ডাকে সিরিয়ালটাকে) / ওই তো, নায়কের দুটো বিয়ে, নায়িকা গ্রামে থাকে, শহরে নায়কের আরেকটা বৌ (আমার কাছে ৩৫ টা মেগার সংক্ষিপ্ত পরিচয়। এটা তার একটা। মানে আমি এই বলে ডাকি সিরিয়ালটাকে)

এবার এই সিরিয়াল টা সেরা ক্যানো সেটা বলি।

নায়ক শহরে থাকে। একটা বৌ আছে।

বিয়েঃ নায়ক-১, নায়কের বৌ-১

এবার কোন একটা গ্রামে গিয়ে নায়কের এক গাঁয়ের মেয়ের সাথে বিয়ে। সে জানে না শহুরে আদবকায়দা। ফিমেল টারজান প্রায়।

বিয়েঃ নায়ক-২, নায়কের বৌ-১, ফিমেল টারজান-১

এবার কেলো। নায়ক আর ফিমেল টারজানের মাঝে বিয়ে করা বৌ আসছে। অতএব ডিভোর্স। ডিভোর্স হলেই উকিল, আর ইফ উকিল কামস, ক্যান কোকিল বি ফার বিহাইন্ড? সুতরাং উকিল আর বৌ (বিয়ে করা মহিলার সাথে, ওই টারজান-এর সাথে না।) এর মাখামাখি। বিয়ে।

বিয়েঃ নায়ক-২, নায়কের বৌ-২, ফিমেল টারজান-১, উকিল-১

এবার ফ্লাশব্যাক।

ফিমেল টারজানের মা-এর সাথে ওই বৌ-এর বাপের চক্কর ছিল। সেই হিসেবে ফিমেল টারজান আর বৌ-এরা আবার দুই বোন।

বিয়েঃ নায়ক-২, নায়কের বৌ-২, ফিমেল টারজান-১, উকিল-১, ফিমেল টারজানের মা-১, বৌ-এর বাপ-১

এবার ফিমেল টারজানের মা আরেকটা বিয়ে করেছে। বৌ এর বাপও তাই।

বিয়েঃ নায়ক-২, নায়কের বৌ-২, ফিমেল টারজান-১, উকিল-১, ফিমেল টারজানের মা-২, বৌ-এর বাপ-২

এবার নায়কের কাকা এক মহিলাকে বিয়ে করেছেন, কিন্তু সেই কাকার আগে একটি বিয়ে ছিল। এবার নায়কের কাকা বিয়ে করেছেন আরেকটি মহিলা কে।

বিয়েঃ নায়ক-২, নায়কের বৌ-২, ফিমেল টারজান-১, উকিল-১, ফিমেল টারজানের মা-২, বৌ-এর বাপ-২, নায়কের কাকা-২, নায়কের কাকিমা-১

এবার, সেই উকিল আর এই বৌ-এদের দুজনের বিয়ের দিন উকিলের আগের এক বৌ এসে উপস্থিত।

বিয়েঃ নায়ক-২, নায়কের বৌ-২, ফিমেল টারজান-১, উকিল-২, ফিমেল টারজানের মা-২, বৌ-এর বাপ-২, নায়কের কাকা-২, নায়কের কাকিমা-১, উকিলের বৌ-১

এর পর আর হিসেব রাখতে পারলাম না। উঠে আসলাম।

"বলাই" বাহুল্য !

আমার পাশের পাড়ায় একটা গাছ কাটা হয়েছে আজ।

ভালো লাগলো না ব্যাপারটা। মন খারাপ ঠিক না, কিন্তু ওই আর কি।
আমি সুভাষ দত্ত নই। বইমেলা বাইপাসে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছে। কিন্তু ওই গাছটার কেস আলাদা।

ঠিক গাছ না। ওই একটা লতানো ব্যাপার। কিন্তু না কাটতে কাটতে সেটা প্রায় মহীরূহ হওয়ার দিকে পা বাড়িয়েছিল। সম্ভবত সেইজন্যেই "অতি দর্পে হত লঙ্কা......"

গাছ নিয়ে আসল সেন্টিমেন্ট না। সেন্টিমেন্ট ছিল ওই গাছে ঢাকা ব্যালকনিটার ওপর।
ব্যালকনিটার একপাশ দিয়ে ওই গাছটা নেমেছিল/উঠেছিল। তাই রাস্তার ওই পাশ দিয়ে হাঁটার সময় সামনে না এলে ব্যালকনিটা দ্যাখা যেত না।

আমি প্রথমবার মোবাইল নম্বর নিয়েছিলাম ওই ব্যালকনির তলায় দাঁড়িয়ে। ইশারায়।
কারন ভয় তো ছিলই, কিন্তু আসল কারন, ওর গলা দিয়ে সেদিন কোনো আওয়াজ বেরচ্ছিল না। হতচ্ছাড়া টনসিলের ঝামেলা হবি তো হ, সেইসময়ই হয়েছিল। নিজের নম্বর দিতে পারিনি, কারন তখন নিজের ফোন ছিল না।

আর ঝামেলাও কম হয়নি গাছটার জন্য। টিউশন পড়ে বেরিয়ে ফোন করেছি, ব্যালকনিতে আসতে, ঠিক ব্যালকনির সামনে এসে সেই অলৌকিক একগাল হাসি (আগের সারারাত আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা) নিয়ে উপরে তাকিয়েছি, দেখি ওর মা দাঁড়িয়ে ব্যালকনিতে। বেকায়দার চূড়ান্ত। কতবার তাই এই হতচ্ছাড়া গাছটার মৃত্যুকামনা করেছি তখন।

আজ সেটা হল। এতদিন পর। কিন্তু ভালো লাগলো না ব্যাপারটা।

ব্যালকনিবাসিনী আগেই গিয়েছিলেন। এবার সেই চেনা ব্যালকনির ছবিটাও পাল্টে গ্যালো আজ থেকে।

হতচ্ছাড়া গাছটা বেঁচে থেকে কম জ্বালায়নি।
মরে গিয়েও সে স্বভাব গ্যালো না হারামজাদার।

ফিল্ম সমালোচনাঃ অভিশপ্ত নাইটি

এমনিতেই বাংলা ভাষায় সাহসী পরিচালকেরা আজকাল সাদা বাঘের মত দুর্লভ হয়ে পড়েছেন। সেখানে আজকাল বাংলা সিনেমা দেখতে গেলে খুব একটা আশা নিয়ে আর হলে যেতাম না। এবার অভিশপ্ত নাইটি সিনেমাটার উপরও খুব একটা আশা নিয়ে দেখতে যাই নি। কিন্তু হলে গিয়ে আশাহত হলাম না।

বাঙালি মধ্যবিত্ত পিউরিটান সমাজ যে তথাকথিত মূল্যবোধ ইত্যাদির কথা সকালে ইসবগুলের সাথে গুলে খায়, সেই সমাজের প্রতিনিধিরা নাক সিটকেছেন সিনেমার নাম শুনেই। মানে ওই নামের সিনেমা কি করে কোনো ভদ্রসন্তান দেখতে যায়, এই প্রশ্ন বারবার শুনছি চারদিকে।
তাদের উদ্দেশ্যে, দাদা, হলে যান, দেখে আসুন, শুধুমাত্র আপনাদের এই মাইন্ডসেট কে যাচ্ছেতাই ভাবে নেড়ে-ঘেঁটে দুমড়ে মুচড়ে ধাক্কা দিতে একটা গোটা সিনেমা তৈরি করা হয়েছে। দেখুন, আর নিজেকে, নিজের বাপ-দাদাকে খিস্তি দিন, সোসাইটিকে খিস্তি দিন। পরিচালক সেইসব দগদগে ক্ষতগুলো আঙুল দিয়ে দেখিয়েছেন, বাকিদের মতো সেখানে ন্যাকামোর অ্যান্টিসেপ্টিক ঢালতে যাননি।

আমি কিছুদিন আগে, যখন আমার মোট দেখা সিনেমার সংখ্যা ছিল পঞ্চাশ, তখন ভাবতাম সিনেমা তৈরির জন্য এক এবং একমাত্র যেটা দরকার, সেটা হল একটা নিটোল গল্প। এবার আপনি সেই ভাবনার লেভেলে থাকলে এই সিনেমাটা দেখতে যাবেন না। কারন গল্প খুঁজতে গেলে এখানে হতাশ হবেন। এখানে সেরকম কোনো গল্প বা গল্পের কাঠামো নেই।

এবার গল্প নেই যখন, কি দেখবেন?
দেখবেন একটা অসামান্য স্ক্রিপ্ট। এক পরিচালকের সাহস। এক ঝকঝকে নতুন ধারার সিনেমা। চোখা সংলাপ। এবং, আমার মতে, বাংলা ভাষায় হওয়া প্রথম "সার্থক" ব্ল্যাক কমেডি ফিল্ম এইটা।
এসব যদি নাও দেখেন, কিছু অসামান্য চরিত্রাভিনেতার অভিনয় দেখবেন। একটা টানটান স্ক্রিপ্ট পেলে আজও স্ক্রিনে সোনা ফলাবার লোক যে আমাদের টলিউডেই রয়েছেন, অন্তত এই বিশ্বাস নিয়ে হল থেকে বেরোবেন।

এবার কয়েকটা জায়গা আলাদা করে বলার দাবী রাখে।

ক্যানো সিনেমার এই নাম? সেটার জন্য হলে যান। হ্যাঁ, সিনেমায় খুন, ভূত, পুনর্জন্ম এইসব রয়েছে, কিন্তু তাও পরিচালক অশেষ সংযম দেখিয়ে এটাকে ভূতের ছবি বানিয়ে ফেলেননি। চেনা ছক ভাঙার সাহস সবার থাকে না। পরিচালক দেখিয়েছেন।

এবার সিনেমাঃ এক নাইটি আছে, যেটা পরলে মহিলাদের (যেহেতু নাইটি, তাই কেবল মহিলা। অন্য কোনো পুরুষতান্ত্রিক অ্যাঙ্গেল নেই।) অবদমিত সব চাহিদা (যৌন) মাথা চাড়া দিয়ে ওঠে। এবার সেই নাইটি হাতবদল হতে থাকে ও সেই নিয়েই সিনেমা এগোয়।
এই প্রথম বাংলা সিনেমায় মানুষের আদিম প্রবৃত্তিগুলো দেখানো হল এমন একটা ফর্ম এ, যেটা ধরাছোঁয়া যায়। অর্থাৎ সেটাই ওই নাইটি। স্পাইডারম্যান ৩ তে যেমন পাপ কে দেখানো হয়েছিল তার ফিজিক্যাল ফর্ম এ, কালচে থকথকে "ভেনম" হিসেবে, এখানেও তেমনই সেটা একটা গোলাপি নাইটি। কিন্তু সেটা আদৌ অভিশপ্ত, নাকি এই সমাজটাই আসলে অভিশপ্ত, সে কথা আপনার মনে হবেই সিনেমাটা দেখতে দেখতে।

এবার গোটা সিনেমাটাই কি দারুণ? আজ্ঞে না, সবটা না। কিছু দুর্বল জায়গা আছেই। একটা প্রপার গল্পের অভাবে খানিক ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। তাছাড়া যেহেতু ব্যাপারটা বেশ খানিক "মডার্ন ডে ফেবল" ধরনে বলা, যুক্তির খোঁজ করবেন যারা, তারা হতাশ হবেন। পাওলি দামের অভিনয়, মানে ওই যেটুকু সময় ছিলেন, দুর্বলতম জায়গা। পরমব্রতও আপ্রাণ চেষ্টা করেছেন ঝোলানোর। ইন্দ্রনীল এতদিন পরেও খালি " সুন্দর মুখের জয় সর্বত্র "-এই কথাটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েই থেকে গেলেন। কিন্তু এগুলোর পরেও ওই একটা টানটান স্ক্রিপ্ট সব অভাব না হলেও নব্বই শতাংশ ঢেকে দিয়েছে। বিশেষ করে মনে থাকবে রবি ঠাকুর ঘটিত দৃশ্যগুলো। বাঙালির মত এরকম সাংস্কৃতিক মৌলবাদী জাতের সামনে এইরকম লোপ্পা বল দেওয়ার সাহস সবার থাকে না। পরিচালক দেখিয়েছেন।

আর সেন্সর বোর্ড সংক্রান্ত দৃশ্যগুলো করে আমাদের গালে থাপ্পড় মারবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

বিধিবদ্ধ সতর্কীকরণঃ এই রিভিউ পড়ে সিনেমা দেখতে গিয়ে সেটা ভালো না লাগলে আমার থেকে পয়সা চাইবেন না। কে বলেছে আপনাকে আমার কথায় নাচতে?

পুনশ্চঃ এই সিনেমায় দেব কে দারুণ লেগেছে। মানে তুলনামূলক কম অসহ্য আর কি।

হি-ভ্যালরি

আজ একটা কাজে দিদির বাড়ি কামারহাটি যেতে হয়েছিল। কাজ বলতে ওই ইন্সিওরেন্সের টাকা দিতে গেছিলাম। ইন্সিওরেন্স নিয়ে আরেকদিন বড় করে লিখব। কিভাবে আমার বাবা-মা-আমি নিজে মরে গিয়ে নাকের বদলে নরুন পেয়ে বড়লোক হব, তাই নিয়ে একটা লেখা(noun) লেখা(verb) যেতেই পারে।

কিন্তু আজ অন্য জিনিস নিয়ে লিখব।
ফেরার সময় বাসস্ট্যান্ড থেকেই বাসে ওঠার কথা আমার। তাও আমি তাড়া ছিল বলে একটা ভিড় বাসেই উঠলাম। পরের বাসে উঠতেই পারতাম(অবশ্য সব বাসই "পরের বাস" আমার কাছে। নিজের বাস তো আর হল না এ জন্মে), তাও এটাতেই উঠলাম।

ডানলপ এসেছি। জায়গা জোটেনি। এবার দেখলাম, ভিড় বাসে লেডিস সিটের সামনে এক মাঝবয়েসী লোক দাঁড়িয়ে। তখন অবধি জানতাম না, উনি কেবলমাত্র লোক। মানে লোক শব্দটার আগে যে Prefix টা আমরা বাঙালিরা সচরাচর ব্যবহার করি, ওনাকে প্রথমে তাই ভেবেছিলাম। পরে দেখলাম, উনি আদপেও সেটা নন।

ক্যানো? কারন দেখলাম, উনি সিটের ধারে বসা মেয়েটাকে(হ্যাঁ, মেয়ে, প্রায় আমাদের বয়সী) বিরক্ত করছেন। মানে কেউ কিছু explicit করছেন বা বলছেন না, কিন্তু মেয়েটার মুখ দেখেই বোঝা যাচ্ছে তার অস্বস্তি হচ্ছে।

ব্যাস। জেগে উঠলো chivalry। এবার যেহেতু দুজনেই চুপচাপ, তাই বীর হতে গেলে কেস ঘুরে যেতে পারে। একবার চন্দ্রিলের একটা লেখা পড়েছিলাম, "বাঘ, ঘোগ ও চোখভোগ" বলে। সেই টোটকা ব্যবহার করা যেতে পারে, একটু মডিফাই করে, এই ভেবে এগোলাম।

ওই লোকটার কাছে দাঁড়ালাম, এক্কেবারে গা ঘেঁষে। তারপর direct জয় নিতাই হয়ে গেলাম(মানে মালটার কানের পাশ দিয়ে হাত তুলে রড ধরলাম)।
ব্যাস। তারপর শুরু হয়ে গ্যালো ডজ-ড্রিবল-ট্যাকল। তিনি বামপন্থী(বাঁ দিকে ঝুল খাচ্ছেন) তো আমি ডানপন্থী। বা তিনি প্রতিক্রিয়াশীল হলে আমি উগ্রপন্থী। এক আধবার ফাউল হল।
-"ব্যাগ সামনে নাও"
-"সামনে নিলে কি কম জায়গা লাগবে?"
-"আমার গুঁতো লাগছে"
-"আমারও লাগছে। আমি কি আপনাকে বলছি ডান হাত খুলে অন্য জায়গায় রাখতে?"

ইতিমধ্যে শ্যামবাজার এসে গ্যালো। মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে হেসে নেমে গ্যালো।

এটা নিয়ে অনায়াসে একটা মিষ্টি প্রেমের সিনেমা হতেই পারে। Starring হুমা খুরেশি।

শেষটা যদিও বিয়োগান্তক। এবং জঘন্য।
কারন ওই লোকটা মেয়েটার ছেড়ে যাওয়া সিটেই বসল।
আমি গোটা রাস্তাটা দাঁড়িয়ে এলাম।

কোনো মানে হয় !